নিজেদের নিরাপত্তার দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

করোনাভাইরাসের ঝুঁকিতে নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। পরে তাদের দাবি মেনে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে ইন্টার্নরা আবার কাজে ফেরেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা আগে করেনি। অথচ সব ধরনের রোগীরা হাসপাতালে আসছেন। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এতে কর্তব্যরত চিকিৎসকরাই ঝুঁকির মুখে পড়েছিলেন। তাই বুধবার তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন। পরিচালক বলেছিলেন, মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু পরিচালক চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেননি। তাই তারা কর্মবিরতি শুরু করেছিলেন।

ইকবাল হাসান জানান, দুই ঘণ্টা কর্মবিরতি চলার পর কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়েছে। প্রয়োজনীয় মাস্ক ও গ্লাভস সরবরাহ করেছে। সেগুলো নিয়ে তারা কাজে যোগ দিয়েছেন।

তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা হয়তো নিশ্চিত করা সম্ভব নয়। তবে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিটা যৌক্তিক। তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।