ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। বিদ্যালয়ের জন্য দান ও নামমাত্র মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ৩০ শতক জমির মধ্যে ১৬ শতক জমি প্রতারণা ও কৌশলের মাধ্যমে নিজের নামে দলিল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় হাজী জামাল মিয়ার বিরুদ্ধে।
পাশাপাশি ওই জমিতে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ শুরু করতে গেলে বহিরাগতদের নিয়ে হামলা, ভাঙচুর ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রধান শিক্ষক আমিরুল ইসলামের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
সরেজমিনে ও জমিদাতা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গরা সরকারবাড়ির মৃত হাজী চাঁন মিয়া সরকার জীবিত থাকাকালে গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে শিক্ষার প্রসারে ৩০ শতক জমি বিদ্যালয়কে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই জমির মধ্যে ১৪ শতক ছিল তাঁর নিজের নামে এবং বাকি ১৬ শতক ছিল তাঁর ছোট ছেলে প্রবাসী গিয়াসউদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমের নামে। হাজী চাঁন মিয়া সরকারের মৃত্যুর পর তাঁর ওয়ারিশরা তৎকালীন প্রধান শিক্ষকের উপস্থিতিতে নবীনগর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে নিজেদের অংশের ১৪ শতক জমি নামমাত্র মূল্যে বিদ্যালয়ের নামে দলিল করে দেন।
মৃত হাজী চাঁন মিয়া সরকারের ছেলে মোহাম্মদ জাকারিয়া সরকার অভিযোগ করে বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তাঁরা ৩০ শতক জমিই নামমাত্র মূল্যে বিদ্যালয়কে দিতে রাজি হন। এর মধ্যে ১৪ শতক জমি বিদ্যালয়ের নামে দলিল করে দেওয়া হয়। বাকি ১৬ শতক জমি ছোট ভাই প্রবাসী গিয়াসউদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমের নামে থাকার সুযোগে হাজী জামাল মিয়া প্রতারণার আশ্রয় নেন। বিদ্যালয়ের নামে দলিল করে দেওয়ার কথা বলে কোহিনূর বেগমের কাছ থেকে ওই জমি নিজের নামে দলিল করে নেন তিনি। পরে জমিটি নিজের স্ত্রীর নামে লিখে দিয়েছেন বলেও এলাকায় আলোচনা রয়েছে।
জাকারিয়া সরকার আরও জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামাল মিয়ার বড় ভাই জালালউদ্দিন ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিস বৈঠক হয়েছে। বৈঠকে ৩০ শতক জমির মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করা হলেও জামাল মিয়া নিজের নামে দলিল থাকার যুক্তিতে অতিরিক্ত ১০ লাখ টাকা দাবি করেন। দাতা পরিবারের প্রশ্ন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে যেখানে নামমাত্র মূল্যে জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে প্রতারণার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কেন অতিরিক্ত ১০ লাখ টাকা দেওয়া হবে। তাঁদের দাবি, এ অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা দিতে হবে।
এদিকে সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ ওই স্থানে উন্নয়নমূলক কাজ শুরু করতে গেলে জামাল মিয়ার লোকজন বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বুধবার (২৫ নভেম্বর) দুটি গাড়িতে করে বহিরাগতরা এসে নির্মাণকাজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় প্রধান শিক্ষক আমিরুল ইসলামের ওপর হামলার চেষ্টা করা হলে শিক্ষক-কর্মচারীরা তাকে ঘিরে রক্ষা করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে এলাকাবাসী ও জমিদাতা পরিবার ১৬ শতক জমি উদ্ধার, উন্নয়নকাজে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তবে অভিযোগ পেলে বিষয়টি মীমাংসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।