করোনা প্রতিরোধে নিজ দেশকে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছেন হালেপ

বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন, রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ করোনাভাইরাস প্রতিরোধে নিজ দেশকে চিকিৎসা সরঞ্জাম দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হালেপ নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।

২০১৯ সালে উইম্বলডন ও ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী হালেপ ফেইসবুক পোস্টে লিখেছেন, রোমানিয়ার বুখারেস্ট এবং কনস্টান্টিয়ার বিভিন্ন হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম কেনার জন্য তিনি আর্থিক সাহায্য করবেন। সিমোনা দেশের মানুষকে ‘সেল্ফ আইসোলেশন’ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার পরামর্শও দিয়েছেন।

চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে অর্থাভাবের মুখোমুখি রোমানিয়ার সরকার। এমন পরিস্থিতিতে বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা হালেপ এগিয়ে এলেন অর্থসাহায্যে।

হালেপ নিজের পোস্টে লিখেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যের যে আমরা এমন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যা কয়েক মাস আগেও আমাদের কল্পনার অতীত ছিল। অবশ্য অন্যভাবে ভাবলে, এটা একটা দারুণ সুযোগও। সুযোগ এটা দেখানোর, আমরা আমাদের চারপাশের মানুষদের প্রতি কতটা সাহায্যের হাত বাড়াতে পারি।’

হালেপ আরো লিখেছেন, ‘এটা আমাদের মনে রাখা উচিত, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। আমাদের এখন প্রশাসনের যাবতীয় নির্দেশ মেনে চলা উচিত। ঈশ্বর আমাদের মঙ্গল করুন।’