কুড়িগ্রামের পর নারায়ণগঞ্জ

স্কুল ভবনে সরকারি অনুদানে সভাপতির নামে মিলনায়তন

কুড়িগ্রামে কাবিখার টাকায় জেলা প্রশাসকের নামে পুকুর নামকরণের রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জে সরকারি টাকায় নিজের নামে মিলনায়তন উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান। গত মঙ্গলবার মুজিববর্ষের প্রথম দিন শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে মিলনায়তনটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। শতবর্ষী ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতিও তিনি।

জানা যায়, প্রতিষ্ঠানটির নবনির্মিত ছয়তলা ভবন নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ৪ কোটি টাকা অনুদান দেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি ও বিকেএমইএর সভাপতি  সেলিম ওসমান। ভবনটি নির্মাণের পর সেলিম ওসমানের মা প্রয়াত ভাষাসৈনিক নাগিনা জোহার নামে নামকরণ করার দাবি জানায় শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে সেলিম ওসমানের ইচ্ছায় ভবনটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে নামকরণ করা হয়। ওই ভবনেরই দ্বিতীয় তলায় একটি মিলনায়তনের জন্য ৪০ লাখ টাকা অনুদান দেন আনোয়ার হোসেন।

প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক একাধিক শিক্ষার্থী বলেন, ‘স্কুলের সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম ভাষাসৈনিক ছিলেন। মিলনায়তনটির নাম মমতাজ বেগমের নামে নামকরণ করার দাবি তুলেছিলাম আমরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছিলাম। কিন্তু এ ব্যাপারে কর্ণপাত করেনি কেউ। উল্টো কমিটির সভাপতি আনোয়ার হোসেনের নামে নামকরণ করা হয়।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’