নারায়ণগঞ্জে শিশু অপহরণকারীর ১৪ বছর কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশু অপহরণ মামলায় বাদল মিয়াকে (৪০) ১৪ বছরের কারাদ- ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক শাহিন উদ্দিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেয়। একই সঙ্গে বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। বাদল মিয়া উপজেলার গঙ্গানগর এলাকার মৃত লফিত মিয়ার ছেলে।

রায়ের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের পিপি রকিবউদ্দিন আহম্মেদ জানান, সাজাপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করা হয়।

২০১৬ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকা হাবিবুর রহমানের ছেলে সোহান (৪) ও ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলামকে (৯) অপহরণ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, অপহরণের দিন সন্ধ্যা ৬টার দিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে একদল অপহরণকারী শিশু সোহান ও সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই দুই শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।