ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় বিভিন্ন স্থানে জরিমানা

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা হতে পারেÑ এ আশঙ্কা থেকে ভোক্তাদের অনেকে ভোগ্যপণ্য আগাম কিনছেন। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরাও পণ্যের বাড়তি দাম রাখছেন। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক রাখতে গতকাল বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন বাজারে অভিযানও চালিয়েছে স্থানীয় প্রশাসন। অনেককে জরিমানাও করা হয়েছে। এর মধ্যে নীলফামারী, লক্ষ্মীপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব, নোয়াখালীর চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।

নীলফামারীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা : নীলফামারীতে গত ১৫ দিন ব্যবধানে প্রকারভেদে ৫০ কেজি ওজনের প্রতিবস্তা চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। অসাধু কিছু ব্যবসায়ী নিজ নিজ গুদামে চাল মজুদ করে এমন কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে গতকাল জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ চাল ব্যবসায়ীকে জরিমানা করে। অস্বাভাবিক দামে চাল বিক্রি করায় তাদের এই জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান বলেন, গত এক মাসে প্রতি একশ কেজির চালের বস্তায় দাম বেড়েছে তিন থেকে চারশ টাকা। ধানের দাম বাড়ার কারণে কিছুটা বেড়েছে। আবার আতঙ্কে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি কেনার কারণেও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। তাতেও চালের দাম কিছুটা কমেছে। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

লক্ষ্মীপুরে ৮ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা : লক্ষ্মীপুরের বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে নেওয়া ও মূল্য তালিকা না থাকার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে লক্ষ্মীপুর চাল বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২-৩ হাজার টাকা হারে ৮টি দোকানে এ জরিমানা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণি কেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন।

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা : গতকাল দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। অভিযানে সিরাজদিখান বাজারের রামকৃষ্ণ ভান্ডারের মালিক রামকৃষ্ণ দাসকে ১০ হাজার, ব্রজ গোপাল স্টোরের মালিক শ্যামল কুমার দাসকে ১০ হাজার, বাচ্চু মিয়া স্টোরের মালিক বাচ্চু মিয়াকে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভৈরবে তিন ব্যবসায়ীকে জরিমানা : কিশোরগঞ্জের ভৈরবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল ও পেঁয়াজ বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

চৌমুহনী বাজারে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা : নোয়াখালীর চৌমুহনী বাজারে পাইকার বাড়তি দামে চাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা ও ১২ ব্যবসায়ীকে সতর্ক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরে বাজার মনিটরিংয়ে সিটি করপোরেশনের ৮ টিম : গাজীপুর নগরীর বিভিন্ন  বাজারে নিত্যপণ্য বেশিদামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গতকাল দুপুরে নগরীর কয়েকটি মার্কেট ও বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নিত্যপণ্য নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। বাজার পরিস্থিতি মনিটরিং করতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাতে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে আটটি টিম গঠন করা হয়েছে। আটজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন।

এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন গাজীপুর প্রতিনিধি, মুন্সীগঞ্জ প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, নোয়াখালী প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রতিনিধি ও নীলফামারী প্রতিনিধি।