সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্রমণ ছড়ানো প্রতিরোধে সতর্কতা হিসেবে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বছর মেয়াদি বেসরকারি অস্থায়ী পাসও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ইতিমধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রাজিব দাস। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ের সভায় আগত ব্যক্তি ও কিছু সাংবাদিক ছাড়া সচিবালয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সচিবালয়ের দর্শনার্থী কক্ষে নোটিসে বলা হয়েছে, কভিড-১৯ করোনাভাইরাসের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থী পাস সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাধারণ দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ করতে হলে আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এই অনুমোদনকে ‘পাস’ বলা হয়। সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব নিজেরা এবং সচিব, সিনিয়র সচিব, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রীদের একান্ত সচিবরা প্রতিদিন পাঁচটি করে পাস ইস্যু করতে পারেন। দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। গত ১১ মার্চ একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু না করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর গতকাল সচিবালয়ের দর্শনার্থী পাস নিষিদ্ধ করে সব সচিবকে চিঠি দেয় জননিরাপত্তা বিভাগ। চিঠিতে ‘করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য আপনার মন্ত্রণালয়/বিভাগের সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। একই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বছর মেয়াদি বেসরকারি অস্থায়ী পাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। অতি জরুরি প্রয়োজনে বেসরকারি অস্থায়ী পাসধারী ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের প্রয়োজন হলে সচিবালয়ে যে কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন তার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়।’