করোনা সংক্রমণ রোধে জুমার সুন্নত ও নফল বাসা থেকে পড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। তবে ফরজ নামাজ পড়তে মসজিদে যাওয়া যাবে। আর বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় না করে ঘরে জোহরের নামাজ পড়তে বলা হয়েছে।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে গতকাল শুক্রবার ইফা মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ স্বাক্ষরিত এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করায় সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার আগে বাসায় ওজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে।’
এর আগে ১৭ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দেওয়া হয়েছিল। গতকালের বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করে পুনরায় অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ জন। সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে ব্যাপক ভয় ও আতঙ্ক বিরাজ করছে।