না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী কেনি রজার্স। তার বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক একটি সূত্র জানিয়েছে, তিনি নিজ বাড়িতেই শান্তির সঙ্গে মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়। এত বয়সেও নিরলস কাজ করে গেছেন কেনি রজার্স। জীবনের কথাগুলো সহজ করে নিজের গানে ফুটিয়ে তুলতেন এই অসামান্য শিল্পী। তার জন্ম ১৯৩৮ সালে, আমেরিকার টেক্সাসে। টিনএজ বয়স থেকেই গানের সঙ্গে সখ্য। শুরু করেছিলেন ব্যান্ড দলের সঙ্গে। তবে জনপ্রিয়তা বেশি পেয়েছেন একক গান গেয়ে। তার লেখা বিখ্যাত গান ‘লেডি’। এ গানটি গাওয়ার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘ইউএসএ টুডে’ ও ‘পিপল’ ম্যাগাজিনের জরিপে সর্বকালের সেরা জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে বিবেচিত হয়েছিলেন কেনি রজার্স। তার দুটো অ্যালবাম ‘দ্য গ্যাম্বলার’ আর ‘কেনি’- কান্ট্রি মিউজিকের সর্বকালের সেরা ২০০ অ্যালবামের তালিকায় ঠাঁই করে নিয়েছে। কেনির নিজেরও পছন্দ ‘দ্য গ্যাম্বলার’ অ্যালবামের ‘গ্যাম্বলার’ গানটি। ‘গ্যাম্বলার’ গানটি এতটাই জনপ্রিয় হয় যে, সে সময় তাকে নিয়ে টেলিভিশনের জন্য নির্মিত ‘কেনি রজার্স অ্যাজ দ্য গ্যাম্বলার’ সিনেমাও নির্মিত হয়। কেনির বেশিরভাগ গানে উঠে এসেছে ভালোবাসার কথা। যেমন- ‘শি বিলিভস ইন মি’ গানটিতে তিনি এক পুরুষের আত্মতৃপ্তির কথা জানিয়েছেন। তার ‘লুসিলি’ গানটিতে তিনি এক নারীর প্রেমে প্রতারণার গল্প শুনিয়েছেন। নতুন যারা প্রেমে পড়তে যাচ্ছেন তাদের জন্য একটা উপদেশমূলক গানও গেয়েছেন কেনি। ১৯৮০ সালে রিলিজ পাওয়া তার সেই গানের কথা ‘ডোন্ট ফল ইন লাভ উইথ এ ড্রিমার’।