রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা ও সন্দেহজনকদের কোয়ারেন্টাইন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশে নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে কভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা প্রতিরোধে সরকারের এই প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
মন্ত্রী বলেন, ১ মার্চের পর বিদেশফেরতদের তালিকা এবং তথ্য বিমানবন্দর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। সে তালিকা সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা বিদেশ থেকে এসেছেন, আমাদের কাছে তথ্য দেননি, আত্মগোপন করেছেন, তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক কয়েক লাখ এসেছে। প্রতিনিয়ত সংগ্রহ করছি। চীনে অর্ডার প্লেস করেছি। সেগুলো বাই এয়ার নিয়ে আসব।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতিসাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা প্রতিরোধে আমরা দুই মাস যাবৎ কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতিসাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) নিয়ে আসা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে বিমান আসা-যাওয়া বন্ধ হয়েছে। সব কর্মকর্তার ছুটি বাতিল করেছি। আর মাস্কসহ অন্যান্য সরঞ্জাম আমাদের হাতে এসেছে। আমরা চীনে অর্ডার দিয়েছি। এসব সরঞ্জাম বিমানে আসবে।
বিয়ে, ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করারও অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, আপনারা এখন বিয়ে, সামাজিক-ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ রাখুন। এ ছাড়া অনেকে বিদেশ থেকে এসে আত্মগোপন করে আছেন। আপনাদের পরিবারকে বাঁচাতে হলে এটা করবেন না।