করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ মোকাবিলয়ায় বাংলাদেশসহ ১০টি দেশকে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন অনলাইনভিত্তিক বিপণন প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। গতকাল শনিবার তিনি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন। জ্যাক মা লিখেছেন,
তারা ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্ট কিট ও ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবে। সেই সঙ্গে ভেন্টিলেটর ও থার্মোমিটারও দেওয়া হবে। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। জ্যাক মা লিখেছেন, সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন।
অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান চীনভিত্তিক আলিবাবা। ‘আলিবাবা’কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। সবকিছুই বিক্রি হয় তাদের ইন্টারনেট সাইটে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য এখন ৪০ হাজার কোটি ডলার।