করোনাভাইরাসের কারণে ঝিমিয়ে পড়া ব্যবসা-বাণিজ্যের জন্য করণীয় নির্ধারণে আজ শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতা ও বিভিন্ন খাতের বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনাভাইরাসের কারণে দেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে গঠিত বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সঙ্গে প্রায় বছরখানেক পর বৈঠকে বসছেন তিনি।
বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতা, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিভিন্ন খাতের বড় ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি গঠন করেন তোফায়েল আহমেদ। গত ছয় বছরে এ কমিটি ৬টি বৈঠক করেছে। সর্বশেষ বৈঠক হয়েছে গত বছরের জুলাই মাসে। এখন করোনাভাইরাসের কারণে ছোট-বড় সব খাত ঝুঁকিতে পড়ায় করণীয় নির্ধারণে এই কমিটির সভা ডেকেছেন টিপু মুনশি। আজ রপ্তানি উন্নয়ন ব্যুরোতে এ সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারণে সব খাতই ঝুঁকিতে পড়েছে। এ ঝুঁকি দিন দিন আরও বাড়ছে। বিভিন্ন সংগঠন ঝুঁকি মোকাবিলায় সরকারের কাছে বাড়তি প্রণোদনা আশা করছে। এ অবস্থায় বিভিন্ন খাতের প্রকৃত তথ্য জানা ও করণীয় নির্ধারণ করতে জরুরিভাবে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির বৈঠক ডাকা হয়েছে।
এফবিসিসিআই, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি), বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিকেএমইএ, বিটিএমএ, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, , চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদাধিকার বলে এই কমিটির সদস্য। এ ছাড়া, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, এ কে আজাদ ও সফিউল ইসলাম মহিউদ্দিন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফজলুর রহমান ও আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম এ কমিটির সদস্য।