করোনাভাইরাস নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

করোনাভাইরাস সৃষ্ট রোগ কভিড-১৯ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত হয়েছে, যা সার্বিক সচেতনতায় বিঘ্ন সৃষ্টি করছে। এমন কিছু ভুল ধারণার মধ্যে অন্যতম হলো

১. করোনাভাইরাস অনেক বড় আকারের ভাইরাস। এর আকার প্রায় ৪০০-৫০০ মাইক্রোমিটার।

সত্যতা : করোনাভাইরাসের আকার মাত্র ১২০ ন্যানোমিটারের কাছাকাছি। (প্রায় ৫০০০ কোটি করোনাভাইরাস একত্র করলে তখন ৪৫০ মাইক্রোমিটারের মতো আকার পাওয়া সম্ভব।)

২. করোনাভাইরাস উষ্ণ ও আর্দ্র এলাকায় ছড়াবে না।

সত্যতা : এখন পর্যন্ত পাওয়া প্রমাণ অনুযায়ী এই ভাইরাস সব এলাকায় ছড়াতে পারে, এমনকি উষ্ণ ও আর্দ্র এলাকাতেও ছড়াতে পারে।

৩. করোনাভাইরাস ২২-২৭ ডিগ্রি সেলসিয়াসে মারা যায়।

সত্যতা : স্বাভাবিক দেহের তাপমাত্রা ৩৬.৫-৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। একবার বেশি জ্বর উঠলে এই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যেতে পারে। ওপরের এই তথ্য সত্য হলে করোনাভাইরাস এত জীবনঘাতী হতো না।

৪. গরম পানি দিয়ে গোসল করলে, ভিনেগারমিশ্রিত গরম পানি দিয়ে কুলি করলে বা বারবার লেবুর রস বা ভিনেগারযুক্ত গরম পানি খেলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

সত্যতা : ৬০-৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে করোনাভাইরাস ধ্বংস হয়ে যায়। কিন্তু এত বেশি তাপমাত্রার গরম পানি দিয়ে গোসল করলে শরীরের চামড়াও পুড়ে যেতে পারে। তা ছাড়া গরম পানি পান করে আমাদের শ্বাসযন্ত্রের তাপমাত্রা ৬০-৭০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানো সম্ভব নয়। সুতরাং গরম পানি পান করে বা গরম পানি দিয়ে কুলি করেও খুব বেশি লাভ নেই।

৫. আইসক্রিম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।

সত্যতা : ইউনিসেফের নাম দিয়ে এমন তথ্য বহুল প্রচার পেলেও ইউনিসেফ এই বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছে।

৬. রসুন বা থানকুনি পাতা সেদ্ধ করে খেলে করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে।

সত্যতা : রসুনের কিছু ব্যাক্টেরিয়া প্রতিরোধী ধর্ম আছে এ কথা সত্য। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধে এর কোনো ভূমিকা এখনো প্রমাণ হয়নি। থানকুনি পাতার বিষয়টিও ভিত্তিহীন।

৭.১৫ মিনিট পরপর পানি খেলে করোনাভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

সত্যতা : এই বিষয়ের সপক্ষে এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

৮. মশার কামড়ে করোনাভাইরাস ছড়াতে পারে।

সত্যতা : এখনো পর্যন্ত এর পক্ষেও কোনো তথ্য-প্রমাণ নেই। করোনাভাইরাস এখনো পর্যন্ত হাঁচি-কাশি ও ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে প্রমাণিত হয়েছে।

৯. হ্যান্ড ড্রায়ার করোনাভাইরাস মারতে পারে।

সত্যতা : না, পারে না।

১০. পোষা প্রাণী, পাখি বা মুরগি থেকে করোনাভাইরাস ছড়ায়।

সত্যতা : কোনো পোষা প্রাণী, পাখি বা মুরগি থেকে এই ভাইরাস ছড়ায় বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভিত্তিহীন প্রচার থেকে দূরে থাকুন, সচেতনতা বৃদ্ধি করুন, সুস্থ থাকুন।