করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সব হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সুরক্ষায় পিপিই (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) ৪৮ ঘণ্টার মধ্যে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশ দেয়। উপকরণ সংগ্রহ করতে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়াসহ তিন আইনজীবী আবেদনটি করেন। একলাছ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনার প্রাদুর্ভাব বাড়লেও হাসপাতালগুলোতে এখনো চিকিৎসক-নার্সদের পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (গাউন, গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি) পৌঁছেনি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এজন্য ৫০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু আমাদের অনুসন্ধানে দেখা গেছে, এ অর্থ এখনো ছাড় হয়নি। উপকরণও কেনা হয়নি। হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে উপকরণ কেনার নির্দেশনা দিয়ে বলেছেন মঙ্গলবার এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।’ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য।