হোম কোয়ারেন্টাইনে ছেলেকে না রাখায় বাবাকে জরিমানা

দুবাইফেরত ছেলেকে হোম কোয়ারেন্টাইনে না রাখায় আবদুল ওয়াহেদ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে পার্বতীপুরের চৈতাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী। গত ১৩ মার্চ ওয়াহেদের ছেলে সেলিম রেজা দুবাই থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলেন। অনেকবার বাড়িতে হানা দিয়েও পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজে পাননি। তার বাবাকে অনেকবার বললেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। এ নিয়ে গত ১৯ মার্চ দেশ রূপান্তরে ‘পার্বতীপুরে পালিয়ে বেড়াচ্ছেন দুবাইফেরত তরুণ’ সংবাদ প্রকাশিত হয়।