চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর কর্মসূচির আওতায় অসহায় রোগীদের পাশে মানবিক সহায়তা পরিচালনা করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত রবিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত স্বাক্ষরিত এ বিষয়ে একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত নয় এবং ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ সংকটকালীন আপনাদের ব্যাংক উপযুক্ত প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সরকার নির্ধারিত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে তাদের চাহিদার নিরিখে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী কিট যেমনÑ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী পোশাক, হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা এন্টি ব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ, ক্ষারযুক্ত সাবানসহ প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসেবা সামগ্রী দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় করোনাভাইরাস আক্রান্ত অসহায় রোগীদের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়াতে ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।