বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত কবি ও শিল্প সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৮৪ বছর। বোরহানউদ্দিনের ভাতিজা অধ্যাপক

মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন দেশ রূপান্তরকে মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। নিজ বাসায় সোমবার বেলা ১টার দিকে তিনি মারা যান। পরে বিকেল সাড়ে ৪টায় তার মরদেহ চাঁদপুরের কচুয়াতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

এদিকে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। 

১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুরের কচুয়ায় জন্ম নেন বোরহানউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরে এই বিভাগের অধ্যাপক হন। অধ্যাপক বোরহানউদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদক পান। এ ছাড়া ইউনেসকো ও ফ্রান্স সরকারের ফল অব অনার, কলকাতা মুজাফফর আহমদ স্মৃতি পুরস্কারও পেয়েছেন তিনি। সাহিত্যের নানা শাখায় বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অবদান রেখেছেন। লিখেছেন শতাধিক বই। উল্লেখযোগ্য প্রবন্ধের বইÑ স্বদেশ ও সাহিত্য, মাইকেলের জাগরণ ও অন্যান্য প্রবন্ধ, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ সাহিত্যে ও রাজনীতিতে, বাংলাদেশের গ্রামাঞ্চল ও শ্রেণীসংগ্রাম, বাংলাদেশে জাতীয়তাবাদ এবং মৌলবাদ, প্রজাতন্ত্রকে রক্ষা করতে হবে, শাহাবুদ্দীন, হত্যার রাজনীতি ও বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার, ধর্ম রাষ্ট্র রাজনীতি প্রভৃতি। ছোটগল্পের মধ্যে রয়েছেÑ অবিচ্ছিন্ন, মুণ্ডুহীন মহারাজ, গণতন্ত্রের প্রথম দিন ও অন্যান্য গল্প, বারুদের গন্ধ চারধারে। উপন্যাসের মধ্যে রয়েছে সর্বনাশ চতুর্দিকে, মহাকাব্য, আমরা যেভাবে বেঁচে আছি। কবিতা গ্রন্থের মধ্যে রয়েছেÑ আমাদের মুখ, পুরানো বৃক্ষের ডালপালা, মানুষের বুকের মধ্যে, আসবাবহীন ঘর, তোমার পছন্দের নীল শার্ট পরে, এলুয়ার যেমন ভাবতেন। অনুবাদ গ্রন্থের মধ্যে আছেÑ সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী, সংস্কৃতির সমাজতত্ত্ব ও হেমিংওয়েস্ট ফ্রস্ট ফকনার। এ ছাড়া তার সম্পাদিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে।