করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন বিশ্বের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন মানবিক সহায়তা নিয়ে ইতালিতে পৌঁছেছে কিউবার একদল ডাক্তার। ৫২ সদস্যবিশিষ্ট ডাক্তারদের ওই দলটি গত রবিবার ইতালিতে পৌঁছায় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইতালিতে পৌঁছানোর পর কিউবান ডাক্তারদের হাততালি দিয়ে স্বাগত জানায় দেশটির সাধারণ জনগণ। এ সময় কিউবান চিকিৎসকদের হাতে তাদের দেশের পতাকা দেখা যায়। এ চিকিৎসকরা করোনায় ইতালির সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা লম্বার্ডিতে দায়িত্ব পালন করবেন।
এবারই প্রথম নয়, এর আগে ১৯৫৯ সালে দেশে কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই এ কাজ করে আসছে দেশটির সরকার। তারা প্রশিক্ষিত ডাক্তার ও নার্সদের নিয়ে একটি দল গঠন করেছে। যখনই বিশ্বের কোনো দেশ স্বাস্থ্যসেবার দিক দিয়ে সমস্যায় পড়েছে, তখনই সেখানে ছুটে গেছেন কিউবার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এর আগে হাইতিতে কলেরা ও আফ্রিকায় ইবোলা মহামারী আকার ধারণ করলে সেখানেও গিয়েছিলেন তারা।
করোনাভাইরাস মোকাবিলায় ইতালির পাশাপাশি ভেনেজুয়েলা, নিকারাগুয়া, গ্রানাডা, সরিনাম ও জ্যামাইকায় মেডিকেল টিম পাঠিয়েছে কিউবা। ইতালি রওনা দেওয়ার আগে কিউবান ডাক্তার লিওনার্দো ফার্নান্দেজ বলেন, ‘অবশ্যই আমার ভয় করছে। কিন্তু সেই ভয় এখন দূরে রাখতে হবে। আমাদের একটি দায়িত্ব আছে যা পূরণ করতে হবে। যে বলবে এ সময়ে তার ভয় করে না, সে এখন সুপার হিরো। আমরা কেউ সুপার হিরো নই। আমরা বিপ্লবী ডাক্তার।’