রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি), সোলায়ার রিসোর্ট ও ক্যাসিনো, মাইডাস রিসোর্ট ও ক্যাসিনো
এবং অন্যদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলার বিপরীতে বিবাদীদের করা আবেদন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ এ বিষয়ে গতকাল দেশ রূপান্তরকে বলেন, মামলার বিষয়বস্তু সংশ্লিষ্ট কোর্টের এখতিয়ারবহির্ভূত মর্মে আরসিবিসি গং যে আবেদন করেছিল তা ‘ফোরাম অন কনভিনিয়েন্স ডকট্রিন’ অনুযায়ী আদালত খারিজ করে দিয়েছে। আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিউইয়র্কে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে হয়েছিল এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, জালিয়াতির মাধ্যমে পেমেন্ট অর্ডার, বিভিন্ন করেসপন্ডেন্ট অ্যাকাউন্টে চুরিকৃত অর্থের লেনদেন এবং এসব অ্যাকাউন্ট থেকে দেশের বাইরে অর্থ প্রেরণÑসবই নিউইয়র্কে সংঘটিত হয়েছে।
আদালতের রায়ে আরও উল্লেখ করা হয়েছে, ফেডারেল রিজার্ভে ব্যাংক অব নিউইয়র্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্নে বাউম তার ঘোষণায় দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে ফেডারেল রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে যাতে ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংককে তার মামলা-মোকদ্দমার ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করবে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট বলেছে, জনস্বার্থের দিকগুলো বিবেচনায় নিউইয়র্কই এ মামলা পরিচালনার জন্য যথাযথ ফোরাম, যেখানে ডিস্ট্রিক্টের একটি ফেডারেল প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে।
আদালত বাংলাদেশ ব্যাংক ‘রিকেটের ইনফ্লুয়েন্স অ্যান্ড কোরাপ্ট অর্গানাইজেশন অ্যাক্টের (রিকো) আওতায় আরসিবিসি ব্যাংক ও জড়িত অন্যদের বিরুদ্ধে করা অভিযোগটি টেকনিক্যাল বিষয় বিবেচনায় ফেডারেল আদালতে বিচারের জন্য গ্রহণ করেনি। অর্থাৎ এ সিদ্ধান্তের ফলে আরসিবিসি, সোলায়ার, মাইডাস ও অন্যান্য বিবাদীর বিরুদ্ধে প্রতারণা, চুরি, রূপান্তরের ষড়যন্ত্র এবং অন্য অভিযোগগুলোর বিষয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের (এসডিএনওয়াই) পরিবর্তে নিউইয়র্ক স্টেট আদালতে মামলা করা যাবে। এ ক্ষেত্রে মামলাটি নিউইয়র্কের আদালতের বিচারিক এখতিয়ারভুক্ত প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক আরসিবিসি এবং অন্যান্য বিবাদীর থেকে ক্ষয়ক্ষতি আদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে।