ভারতের ৮০টি শহরে লকডাউন চলছিল। এমন পরিস্থিতির মধ্যেই গোটা দেশ ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দ্বিতীয় দফায় গতকাল স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি ওই ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।
লকডাউন প্রসঙ্গে মোদি বলেন, ‘২১ দিন লকডাউন অনেক দীর্ঘ মনে হয়। কিন্তু আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই লকডাউন জরুরি। এ সময়ে এটাই একমাত্র আরোগ্য, যা আমাদের হাতে আছে। জনতা কারফিউ দেখিয়েছে যে আমরা একত্রভাবে করোনাভাইরাস প্রাদুর্ভাবকে ঠেকাতে পারি।’
ভাষণে মোদি বলেন, ‘আমি নিশ্চিত যে দেশের প্রত্যেক নাগরিক সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলা করবেন এবং সফলভাবে এই সংকট থেকে বের হবেন। আমি এ-ও নিশ্চিত করে জানি, বেসরকারি খাত এই সময়ে নাগরিকদের পাশে দাঁড়াবে। দয়া করে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না। কারণ গুজব খুব দ্রুত ছড়ায়।’
মোদি তার ভাষণে দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে ১৫ হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দেন। রাজ্য সরকারগুলোর পাশে কেন্দ্রীয় সরকার কাজ করবে বলেও তিনি জানান।
অগ্রাধিকার ভিত্তিতে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন, ‘সংকটকালীন আমাদের দরিদ্ররাও আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকারগুলো কীভাবে এই প্রাদুর্ভাব থেকে দরিদ্রদের বাঁচানো যায় তা নিরূপণে কাজ করছে। আর এ জন্য যা প্রয়োজন তা-ই দেওয়া হবে। আপনারা আমাদের পুলিশ সদস্যদের জন্য প্রার্থনা করুন যারা এই সময়ে কাজ করে যাচ্ছেন।’