করোনাভাইরাসের কারণে ছুটি দেওয়া হলেও সরকারি কর্মচারীদের ছুটিকালীন অবশ্যই নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। অর্থাৎ যিনি যে এলাকায় চাকরি করেন তাকে সেই এলাকায়ই থাকতে হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও এক আদেশে ছুটিকালীন সংশ্লিষ্টদের কর্মস্থলে থাকার কথা জানায়।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘যারা ঢাকায় চাকরি করেন তাদের ঢাকাতেই থাকতে হবে। অর্থাৎ বর্তমান চাকরিকালীন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী যেখানে থাকেন তাকে সেখানেই থাকতে হবে। ছুটি পেয়ে গ্রামের বাড়ি বা অন্য কোথাও যাওয়া যাবে না।’
গত সোমবার সরকারের সিদ্ধান্তে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন সরকারি-বেসরকারি অফিস টানা ছুটিতে পড়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সরকার ছুটিসহ মোট ১০টি পদক্ষেপ ঘোষণা করেছে।
মন্ত্রিপরিসদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ছুটি সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলির ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। ওষুধ, খাদ্যপ্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্পকারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। এ ছাড়া গণপরিবহন ছাড়া অন্যান্য জরুরি পরিবহন, যেমন ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে গত সোমবার যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপক হারে পারস্পরিক মেলামেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে কারণে সর্বসাধারণকে এই সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে।