ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভয়াবহ করোনাভাইরাস মোকাবিলায় কভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়। গত সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, ‘কভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘আমাদের ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার এক দিন পর মোদি তার এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ১৬ হাজার ৫০০ লোকের মৃত্যু এবং ৩ লাখ ৭৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
সম্প্রতি সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন। ভারত ভয়াবহ করোনাভাইরাস মোকাবিলায় প্রাথমিকভাবে তহবিলে ১ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রবিবার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যসংকট মোকাবিলায় সার্ক সচিবালয় বরাবরে মৌখিকভাবে এই তহবিল অনুমোদন করেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক সচিবালয় ও ভারত সরকারের বরাবরে করোনা মোকাবিলায় বাংলাদেশের ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি বিষয়ে নোট ভারবাল পাঠাবে। মন্ত্রী বলেন, এখন এই তহবিলের অর্থ করোনা মোকাবিলায় ব্যয় করা হবে। কিন্তু পরে এ অঞ্চলের জনগণের অন্যান্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ তহবিলের অর্থ খরচ করা হবে।
এদিকে এই তহবিলে নেপাল ও আফগানিস্তান প্রত্যেকে ১০ লাখ মার্কিন ডলার এবং মালদ্বীপ ও ভুটান যথাক্রমে ২ লাখ ও ১ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র বাসস