দেশবাসীকে সাবধানে থাকতে বলেছেন খালেদা জিয়া : ফখরুল

দেশবাসীকে করোনাভাইরাসের মহামারীতে সাবধান ও সচেতন থাকতে বলেছেন সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব রোধে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজায় তার সঙ্গে দলের শীর্ষ ৭ নেতা দেখা করতে  গেলে তিনি তাদের মাধ্যমে জনগণের উদ্দেশে এ কথা বলেন। সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  নেতৃত্বে বিএনপির শীর্ষ ৭ নেতা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। অন্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। এ সময় চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিরাজ করছে এমন অবস্থায় অন্তত কিছুদিন উনার (খালেদা জিয়া) কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে আলোচনা করা হয়েছে। কেউ যেন উনার সঙ্গে  দেখা-সাক্ষাৎ করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এই সময়ে তার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, এ সময় আমরা স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছি এবং আল্লাহর কাছে দোয়া করে শুকরিয়া আদায় করেছি।