স্বাস্থ্য বিভাগের দুই নির্দেশনা

অনুমতি ছাড়া হাসপাতাল ত্যাগ নয় পরিচালকদের

রাজধানীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন বলে অভিযোগ পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর পরিপ্রেক্ষিতে গতকাল এক আদেশে পরিচালকদের হাসপাতাল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে বিভাগটি। এছাড়া দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল কর্র্তৃপক্ষ ও চিকিৎসক সব রোগীকে চিকিৎসা দিতে বাধ্য থাকবেন বলে পৃথক আদেশ দেওয়া হয়েছে।

গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পরিচালকরা উপযুক্ত কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন। যথাযথ কর্র্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করায় হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ আদেশে আরও বলা হয়, ‘বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের উপযুক্ত কর্র্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং মন্ত্রণালয়ে অবহিত না করে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্বাস্থ্য অধিদপ্তরের অন্য এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্র্তৃপক্ষ-চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না। যদি কোনো রোগীর করোনাভাইরাসের লক্ষণ থাকে তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই প্রদানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় কোনো রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন। নির্দেশনায় আরও বলা হয়, জেলা পর্যায়ে হাসপাতাল ও তদূর্ধ্ব সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার ও পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে এবং ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।