করোনাভাইরাসে কোন এলাকা কী পরিমাণ আক্রান্ত হতে পারে তা পরিমাপের ওয়েব সিমুলেশন টুলস তৈরি করেছেন বলে দাবি করেছেন দেশের চার গবেষক।
তাদের দাবি, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার বা স্বাস্থ্য খাতে কর্মরতরা খুব সহজেই কোনো নির্দিষ্ট এলাকায় কী পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে তা জানতে পারবেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. আবুল কাশেমের নেতৃত্বে এই গবেষণায় অন্যরা হলেন, ডুয়েটের আরেক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী খাঁন ও সাব্বির পারভেজ।
এ বিষয়ে ফজলে রাব্বি খাঁন দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিইএইচও) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একটি মডিউল ব্যবহার করে বিভিন্ন রোগের পূর্ভাবাস দিয়ে থাকে। এত দিন এটা খাতা কলমে অংক কষে বের করতে হতো। কিন্তু এখন আমরা এটাকে একটি ওয়েব মডিউলে নিয়ে এসেছি। এই ওয়েব মডিউল তৈরির ক্ষেত্রে সাসেপটিভ এক্সপোজড ইনফেকটাস রিকভারির (এসইআইআর) নির্দেশিকা মেনে চলেছি। আমরা গাণিতিক পদ্ধতিতে একটি ফর্মূলা তৈরি করেছি। আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য খাতে কর্মরতরা খুব সহজেই একটি এলাকা বা সমগ্র দেশ করোনাভাইরাসে কী পরিমাণ মানুষ ঝুঁকিতে রয়েছে এবং কোন সময়ের মধ্যে কত মানুষ আক্রান্ত হতে পারে সে বিষয়ে একটি সাম্যক ধারণা পাবেন।’
রাব্বি বলেন, এটা কেবলই একটি পূর্ভাবাস, আমাদের পদ্ধতি ব্যবহারে যে তথ্য পাওয়া যাবে তার ওপর ভিত্তি করে সরকার প্রস্তুতি নিতে পারবে। আমরা সরকারসহ স্বাস্থ্য খাতে কর্মরতদের এটি দিতে চাই। এই গাণিতিক রোগতত্ত্ব ব্যাবহারের মাধ্যমে সহজেই রোগের বিস্তার নির্ণয়, বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং আইসোলেশন / কোয়ারেন্টাইন ইত্যাদির বিষয়ে পলিসি নির্ধারণ করে করে বৃহত্তর জনগোষ্ঠীকে নিরাপদে রাখার ব্যবস্থা করা যেতে পারে।’
তিনি বলেন, আগ্রহী গবেষক বা সংস্থা যোগাযোগ করলে আমরা তাদের উক্ত সিমুলেশন টুলস ব্যবহারের সুযোগ অথবা সোর্স কোড প্রদান করব ।