বাঘাইছড়িতে সাবেক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সাবেক কর্মী ভূষণ চাকমা দুদোরবুকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার রূপকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীও আহত হন। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জনসংহতি সমিতি (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যোশি চাকমা বলেন, ‘ভূষণ চাকমা রাতে স্ত্রীসহ এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রূপকারী বিজয়ঘাট এলাকায় নদী পার হয়ে এসে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ সময় তার স্ত্রীর শরীরেও গুলি লেগেছে বলে জেনেছি।’ ভূষণ ১৫ দিন আগে জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি থেকে বহিষ্কৃত হন জানিয়ে তিনি আরও বলেন, তবে তিনি সংগঠনটির সমর্থক ছিলেন।

এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একাধিক নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জনসংহতি সমিতির (এমএন লারমা) অন্যতম শীর্ষ নেতা ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘নিহত ভূষণ আমাদের সমর্থক। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’

বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর হক বলেন, ‘ফোনে বিষয়টি জেনেছি। ভূষণ চাকমার মূল বাড়ি বঙ্গলতলী হলেও তিনি পরিবার নিয়ে রূপকারীতে থাকতেন।’