২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন গাজীপুরের মেয়র

গাজীপুর সিটি করপোরেশন এলাকার ২০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেবেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শুক্রবার দুপুরে তার বাস ভবনে চীন থেকে আনা করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি আমদানি করা করোনাভাইরাস শনাক্তের জন্য কিট, ইনফ্রারেড থার্মোমিটার এবং নিরাপত্তা সামগ্রী হ্যান্ডগ্লাবস, মাস্ক ও পিপিই বিতরণ করেন।

মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধের জন্য সবার আগে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা দিতে হবে। যারা অসুস্থদের চিকিৎসা দেবেন তারা যদি সুরক্ষায় না থাকেন তাহলে তারা কিভাবে চিকিৎসা দেবেন?

মেয়র জানান, ইতিমধ্যে ২০ হাজার চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। চীনে আরও অনেক করেনাভাইরাস প্রতিরোধক সামগ্রী কেনা হয়েছে। চীন থেকে বিমান আসলে সেগুলো দেশে আনা হবে।

মেয়র আরও জানান, গাজীপুর মহানগরীতে লাখ লাখ নিম্ন আয়ের লোকজন বসবাস করে। অনেকে দিনে এনে দিনে খান। প্রাথমিক অবস্থায় এ রকম প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। কাউকে খাদ্য নেয়ার জন্য আসতে হবে না। যার যার বাসায় এসব খাদ্য পৌঁছে দেয়া হবে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য মেয়রের দেয়া পিপিই ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।