শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ইতালি প্রবাসী মানছেন না হোম কোয়ারেন্টাইনের নিয়মকানুন। অভিযোগ রয়েছে, তিনি দেশে ফেরার পর থেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে থেকেছেন তার স্ত্রীর সঙ্গে। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভূমখাড়া ইউনিয়নের চাকধ পাইট্টার মোড় এলাকার বাসিন্দা নুরু ছৈয়াল ইতালি থেকে ছুটিতে দেশে ফেরেন ১৪ মার্চ। তিনি ইতালির রোম শহরে একটি রেস্টুরেন্টে কাজ করেন। ২০১১ সালে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে গিয়েছিলেন। ২০১২ সালে ইতালি সরকার সুযোগ দিলে সেখানে বসবাসের বৈধতা পান।
গত বুধবার দুপুর ১২টার দিকে সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের বিষয়ে খোঁজ নিতে ওই গ্রামে গিয়ে কথা হয় ইতালিপ্রবাসী নুরু ছৈয়ালের সঙ্গে। তিনি জানান, ১৪ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারিভাবে বিআরটিসির গাড়িতে করে হজক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সঙ্গে অন্যান্য জেলার ৩২ জন ছিলেন। সেখানে শারীরিক পরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিমানবন্দর থেকে তাকে কেউ ঘরে একা থাকতে বলেননি।
নুরু ছৈয়ালে জানান, বাড়িতে পৌঁছে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার স্ত্রীর কথায় ১৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্বামী-স্ত্রী একসঙ্গেই থেকেছেন।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা গিয়ে তাকে ওই বাড়িতেই পাই। তিনি যাতে বাইরে ঘোরাফেরা না করেন এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।