রাজধানীর শ্যামলীর ফুটওভার ব্রিজ সংলগ্ন ফুটপাতে ট্রাক তুলে দেওয়ার ঘটনায় চালক মিলন মিয়ার (২৪) হাত ভেঙে গেছে। গতকাল শুক্রবার ভোর পৌনে ৫টায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ জানান, চট্টগ্রাম থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন মিলন মিয়া। পথে শ্যামলীতে তিনি ট্রাকটি ফুটপাতে উঠিয়ে দেন। এতে সিটি করপোরেশনের সড়কবাতি ভেঙে পড়ে এবং উপড়ে পড়ে শেল ভবনের লোহার প্রাচীর। এতে মিলন আহত হন। ঘুম ঘুম চোখে ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।
খবর পেয়ে মিলনকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাত ভেঙে গেছে। পরে প্লাস্টার শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে গ্রামের বাড়ি পাঠানো হয়। মালামালসহ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাক ও পণ্য নেওয়ার জন্য মালিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।