সুনামগঞ্জ পৌর শহরে সংকটকালীন এই সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের কেনাবেচার সুবিধার্থে সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে নিরাপদ দূরত্বে অস্থায়ী বাজার চালু করা হয়েছে।
শনিবার সকাল থেকে এই বাজারের কার্যক্রম শুরু হয়েছে। শহরের ব্যবসায়ীদের চাহিদার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে এটি করা হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানিরা মাঠে নিরাপদ দূরত্বে থেকে নিজেদের পণ্য নিয়ে বসেছেন। ক্রেতারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করবেন। অস্থায়ী এই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। পৌরসভার পক্ষ থেকে মাঠটি পরিষ্কার এবং মাঠে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মাঠে শৃঙ্খলার জন্য পুলিশও দায়িত্ব পালন করছে।
পৌর শহরের কালীবাড়ি এলাকার দোকানি সালাম আহমদ জানান, যানবাহন বন্ধ থাকায় মানুষজন বাজারে ভেতরে যেতে পারছেন না। আবার অনেক দোকানপাটও বন্ধ। তাই এখানে মাঠের মধ্যে নিরাপদ দূরত্ব রেখে ক্রেতারাও বাজার করতে পারছেন।
ফল বিক্রেতা আবুল হোসেন বলেন, এটা করায় সবার জন্য ভালো হয়েছে। তবে কোনো ব্যবসায়ী যদি দোকান নিয়ে এখানে আসতে না চায় তাতেও কোনো বাধা নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, পৌর শহরে যে বাজারটি রয়েছে সেটা অনেক ছোট হওয়া জনসমাগমের ভিড় থাকত। এই বাজারটি মাঠে হওয়ায় মানুষজন দূরত্ব বজায় রেখে বাজার করতে পারছে। আমরা বাজারটি খেয়াল রাখছি যাতে কোনোভাবে ভিড় না হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেছেন, ক্রেতা বিক্রেতা এবং সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই অস্থায়ীভাবে এটা করা হয়েছে। সংকট কেটে গেলে এটি আর থাকবে না। এই সংকটে একে-অপরের পাশে দাঁড়ানোটাই মূল কাজ।