করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ১০ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে নরসিংদীর জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে নরসিংদীর শিলমান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র ১০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে পাঠানো খাদ্যসামগ্রী জেলার ১০ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতিপরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, একটি সাবান ও একটি করে মাস্ক। একযোগে জেলার প্রতিটি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে দরিদ্রদের মধ্যে আরও ত্রাণ বিতরণ করা হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদুয়ান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকিরসহ প্রমুখ।