করোনাভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জের ভৈরবের সব ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান বন্ধ থাকলেও কাঁচাবাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের অনেকেই মাস্ক ও হাতে গ্লাভস ছাড়া ঝুঁকি নিয়ে পণ্য কেনাবেচা করছেন। শত শত লোকের ভিড়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও প্রতিরোধ ব্যবস্থা না মানায় মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
গত শুক্রবার ফেরিঘাট বাজার, গাছতলা ঘাট বাজার, মনামরা ব্রিজ বাজার, ভৈরব বাজার, ভৈরবপুর বেণীবাজার ঘুরে ভিড়ের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস ছাড়াই কেনাবেচা করতে দেখা গেছে।
তবে এসব বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে সরকারি সিদ্ধান্ত অমান্য করে মাজার শরিফে ওরসের আয়োজন করায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকার এক মাজারের খাদেম তাজুল ইসলাম, পরিচালনা পরিষদের সভাপতি মোমেন হাসান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল মিয়াসহ পরিচালনা পরিষদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাজার কর্তৃপক্ষকে এ জরিমানা করে।