যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান চার বৃদ্ধকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় কঠোর সমালোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে মাঠে নামানো হয়েছে, কাউকে জুলুম করতে নয়।’
আনিসুল হক বলেন, আমলারা হচ্ছেন জনগণের সেবক। জনগণ আমলাদের কোনো কাজে যদি মনে কষ্ট পান, তা মেনে নেওয়া যায় না। মাস্ক না পরার অপরাধে বৃদ্ধদের কান ধরানোর ঘটনা খুবই অশোভন মনে হয়েছে। এসি ল্যান্ড (সাইয়েমা হাসান) যা করেছেন, তা অন্যায়। এ জন্য তার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। তাকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর করতে সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘এই সচেতনতার জন্যই সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে মাঠে নামানো হয়েছে, কাউকে জুলুম করতে নয়। করোনা নিয়ে এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছে। এর মধ্যে কেউ যদি বাড়তি আতঙ্ক সৃষ্টিতে ভূমিকা রাখে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি অন্যায় করছে।’