করোনা আতঙ্ক

বাড়ি ফিরতে গিয়ে সড়কে প্রাণ গেল ৬ শ্রমিকের

করোনা আতঙ্কে ঢাকা থেকে বাড়ি ফিরতে একটি সিমেন্টবোঝাই ট্রাকে উঠেছিলেন বেশ ক’জন শ্রমিক। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৬ শ্রমিক প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল।

নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শটিবাড়ি গ্রামের আব্দুল্লাহ দীপক (৩৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মো. আলেক (৪৫), দেলোয়ার হোসেন বাবু (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস আলী (৫০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ কাপাসিয়া এলাকার আবুল কাশেম। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্টভর্তি একটি ট্রাক শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে যাত্রী হিসেবে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। বাকি আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই দিনমজুর। করোনা আতঙ্কের মধ্যে ঢাকা থেকে বাড়ি যেতে ট্রাকটিতে উঠেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে রিকশাভ্যান চালক নিহত : গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ডিমভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশাভ্যান চালক ইমরান শেখ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সে কাশিয়ানী উপজেলার পুরুলিয়া গ্রামের নুরু শেখের ছেলে। শনিবার দুপুরে কাশিয়ানীর বরাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে রিকশাভ্যানের। পরে ঢাকাগামী একটি ডিমভর্তি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে ভ্যানগাড়িটির। পিকআপটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে রাস্তার ওপরই উল্টে যায় এবং ভ্যানচালককে চাপা দেয়।

সীতাকু-ে সড়কে শিশু নিহত : চট্টগ্রামের সীতাকু-ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামের ৬ বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কুমিরা-সন্দ্বীপ ঘাটঘর সড়কের জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি জেলেপাড়ার কৃষ্ণ জলদাসের কন্যা। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে সড়কে খেলার সময় রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।