করোনার আক্রান্ত নোয়াখালীর অসহায় মানুষের সহযোগিতায় ‘নোয়াখালী ফাউন্ডেশন’ গড়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
একরাম চৌধুরী বলেন, ‘নোয়াখালীর সবাই চাইলে অসহায় মানুষদের জন্য গড়ে তোলা হবে নোয়াখালী ফাউন্ডেশন।’ সেই ফান্ডে ৫০ লাখ টাকার অনুদান দেওয়ার কথাও জানান। তিনি আরও বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে নোয়াখালীর অতি সাধারণ নিরীহ জনগণের অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা হবে।’
সবাইকে এই ফাউন্ডেশনে যোগদানের আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, আপনারা যোগদান না করলেও নিজ নিজ অবস্থান থেকে অসহায়কে সাহায্য করুন। আমি আমার তহবিল থেকে এই ফাউন্ডেশনের জন্য ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করলাম।
ভিডিও বার্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কোনো চিন্তা করবেন না; ইতিমধ্যে সব উপজেলা সদরে সরকারি সহযোগিতা পৌঁছে গেছে। আমরাও প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করতে। যারা খুব বেশি বেকায়দায় বা অসুবিধায় থাকবেন তারা সরাসরি আমার মোবাইল নম্বরে ফোন করবেন। আপনার খানা আপনার বাড়িতে পৌঁছে যাবে।’
নোয়াখালী জেলার অন্য সংসদ সদস্যদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রবাসে অবস্থানরত বিদেশিদের প্রতিও তার বাড়ির চারপাশে অবস্থানরত অতি সাধারণ লোকজনের খোঁজখবর নেওয়ার অনুরোধ করেন। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।