সিলেট নগরীর মিরবক্সটুলায় সড়কে অজ্ঞান হয়ে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক আর্ককে (৪৫) শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ওই বিদেশি নাগরিককে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে শামসুদ্দিন হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, ফিনল্যান্ডের ওই নাগরিক বেশ কিছুদিন সিলেটের একটি আবাসিক হোটেলে ছিলেন। পরে তিনি নগরীর হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতালে (বেসরকারি ক্লিনিক) ভর্তি হন। গতকাল বিকেলে ওই হাসপাতাল থেকে বের হয়ে রিকশাযোগে যাওয়ার পথে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর পুলিশ তাকে শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনে প্রেরণ করেছে। ওসি আরও জানান, ওই বিদেশি নাগরিকের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ সেন্ট্রাল হাসপাতালে খোঁজখবর নিচ্ছে। তবে হাসপাতালের দায়িত্বশীলদের এখনো পাওয়া যায়নি।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল জানান, ওই বিদেশি নাগরিককে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার শরীরের লক্ষণ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।