বরিশালে যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে।
নির্যাতনের শিকার ওই নারী থানায় মামলা করলে শনিবার রাতে অভিযুক্ত শাওন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, হ্যাপী বেগম নামে ওই নারীর সঙ্গে তার মাদকাসক্ত স্বামীর পরিবারিক কলহ চলছিল। এছাড়া শাওন সরদার ব্যবসা করার জন্য সম্প্রতি স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
দাবিকৃত যৌতুক না দেওয়ায় তিনি প্রায়ই তার স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিলেন। সবশেষ গত শুক্রবার রাতে যৌতুকের দাবি পূরণ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন শাওন।
একপর্যায়ে ওই নারীর মাথার চুল ন্যাড়া করে দেন স্বামী শাওন- এমনটাই অভিযোগ স্ত্রীর।
এ ঘটনায় গত শনিবার হ্যাপী বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতে ওই নারীর স্বামী শাওন সরদারকে পুলিশ গ্রেপ্তার করে বলে কোতোয়ালি মডেল থানার ওসি জানান।