করোনাভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বহুল আলোচিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন।
রবিবার ক্লাবটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৮ এপ্রিল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ক্লাবের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ আমিন উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডর পরিচালনা পর্ষদের গত ১৫ মার্চ, ২০২০ তারিখে অনুষ্ঠিত ৩৪তম বোর্ড সভায় আগামী ১৮ এপ্রিল, ২০২০ তারিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। এ ধরনের পরিস্থিতিতে পূর্ব ঘোষিত ১৮ এপ্রিল, ২০২০ তারিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।’
মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালে। দুই বছর পর মেয়াদ শেষে নির্বাচিত হওয়ার কথা নতুন বোর্ড অব ডিরেক্টরসের। ২০১৩ সালে সেটা হয়নি। ২০১৫ সালে একবার নির্বাচন আয়োজনের চেষ্টা করেও আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত হয়ে যায়।
সব জটিলতা কাটিয়ে নির্বাচনের পথে হাঁটলেও এবার করোনার বাধার মুখে পড়ল ক্লাবটির নির্বাচন। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনও স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য।