৬৮ বস্তা চালসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজার থেকে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চালসহ আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আবু বক্কর সিদ্দিকী খোলাবাজারে চাল বিক্রির ডিলার এবং ছাত্রলীগের সাবেক নেতা।

এ ঘটনায় শিবচর থানায় মামলা হয়েছে। আটক আবু বক্করকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল (প্রতি বস্তায় ৫০ কেজি) কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শেখপুর বাজারের আবু বক্কর অন্যত্র মজুদের জন্য সরিয়ে নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল। এ সময় একটি দোকান থেকে ৬৮ বস্তা চাল উদ্ধার ও আবু বক্করকে আটক করা হয়।

শিবচরের বাঁশকান্দি ইউপির চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, আবু বক্কর বাঁশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চালের ডিলারকে সরকারি চালসহ আটক করা হয়েছে। শিবচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।