কাঁচামাল আমদানিতে অগ্রিম ভ্যাট প্রত্যাহার চায় এফআইসিসিআই

কাঁচামাল আমদানিতে আগাম ভ্যাট প্রত্যাহার চায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। এছাড়া সব ক্ষেত্রে আগাম ভ্যাট ৩ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি।

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে এমন উদ্যোগ নেওয়ার জন্য সুপারিশ করেছে এফআইসিসিআই। সেজন্য সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ভ্যাট, কর ও কাস্টমস ডিউটি বিষয়ে বিভিন্ন প্রস্তাব করেছে এ সংগঠন।

ভ্যাট বিষয়ে সংগঠনটির বক্তব্য হচ্ছে, ভিত্তি মূল্যের পরিবর্তে লেনদেন মূল্যে ভ্যাটের হিসাব করতে হবে। ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া ও ভ্যাট রিটার্ন ফরম সহজ করতে হবে। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিলাস পণ্য নয়, এমন স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে ব্যবহƒত পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে সংগঠনটি।

বহুজাতিক কোম্পানিগুলোর এ সংগঠন সব খাতে করপোরেট কর ৫ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে। কর হারসহ অন্যান্য সব ধরনের পরিবর্তন অর্থ আইনের মাধ্যমে করারও প্রস্তাব এসেছে তাদের পক্ষ থেকে। ন্যূনতম কর প্রত্যাহার করা এবং যাদের প্রকৃত করযোগ্য আয় আছে তাদের থেকে কর নেওয়ার প্রস্তাব করা হয়েছে। কর্মীর আয়কর হিসাব করার ক্ষেত্রে মোট আয় থেকে বাড়িভাড়া, যাতায়াত খরচ ও ছুটির সময়ের খরচ বাদ দেওয়া অথবা কমপক্ষে ১০ লাখ টাকা বার্ষিক আয়কে ন্যূনতম আয় ধরার প্রস্তাব করেছে এফআইসিসিআই। অফশোর ব্যাংকিং ইউনিট গাইডলাইন স্পষ্ট করে বিদেশি অফশোর ব্যাংকিং ইউনিটে সুদ বাবদ পরিশোধ করা অর্থে কর অব্যাহতি সুবিধা চায় তারা।

আয়কর আইনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের খরচে যে ১০ শতাংশ সীমা আরোপ করা আছে তা প্রত্যাহারের দাবিও করেছে এ সংগঠন। কাস্টম হাউজগুলোর বিভ্রান্তি দূর করার জন্য শুধু সিমেন্ট উৎপাদকদের জন্য নতুন এইচএস কোড করার প্রস্তাব করেছে এফআইসিসিআই। আমদানি পণ্যের ভিত্তি মূল্যের পরিবর্তে প্রকৃত মূল্যে শুল্কায়ন করার প্রস্তাব এসেছে। এছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানির সময়সীমা বেঁধে দেওয়ার ব্যবস্থা দূর করার পাশাপাশি প্রতিবার আমদানির জন্য আলাদা আলাদা অনুমোদন নেওয়ার ব্যবস্থা বাতিল করার প্রস্তাবও এসেছে সংগঠনটির পক্ষ থেকে।