চলমান পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসে সারা বিশ্ব মারাত্মক সংকটের মুখে। এই মানবিক বিপর্যয়ের মুখে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারা দেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনে নেতাকর্মীরা সারা দেশে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ ও খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অতীত ইতিহাস থেকে লক্ষ করা যায় এদেশের জনগণ সব সময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ
মোকাবিলা করেছে। কোনো দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। মারাত্মক করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
কাদের বলেন, ‘আওয়ামী লীগ এদেশের জনগণের সুখ-দুঃখ-আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়া প্রমুখ।