বাঁশখালীতে পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি পাহাড়ি এলাকা থেকে নুরনবী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

অন্য কোথা্ও হত্যার পর এখানে লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা।

নিহত নুর নবী পুঁইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফইত্যার পাড়ার মৃত ফজল আহমদের ছেলে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে সোমবার ভোরে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বনবিট অফিসের পূর্ব দিকে নুনাছড়ি পাহাড়ি এলাকা থেকে নুরনবীর লাশ উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, লাশের খবর পেয়ে ভোরে পুইঁছড়ির নুনাছড়ি পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় নুরনবীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশের একটি টিম।

ধারণা করা হচ্ছে আগের দিন রাতে তাকে হত্যা করা হয়েছিল।

ওসি জানান, উদ্ধার লাশের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘটনে পুলিশ মাঠে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।