বগুড়ার শিবগঞ্জে শ্বাসকষ্টে মৃত ব্যক্তিকে দাফনে বাধা প্রদানের কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিসে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউর রহমান বরাবর পাঠানো নোটিসে উল্লেখ করা হয়, ময়দানহাটা ইউনিয়নের দাঁড়িদহে (মহব্বত নন্দীপুর গ্রাম) মৃত ব্যক্তির সৎকারে আপনি কেন বাধা প্রদান করেছেন তার সদুত্তর আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হলো।
যোগাযোগ করা হলে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা শোকজ নোটিস প্রদানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ঘটনায় দলের ভাবমূর্তি চরমভাবে খারাপ হয়েছে। এ কারণে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।