৫০০০ শয্যার বসুন্ধরা হাসপাতাল

কনভেনশন সিটি পরিদর্শনে সেনা ও স্বাস্থ্য কর্মকর্তারা

করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সহায়তার অংশ হিসেবে পাঁচ হাজার শয্যার হাসপাতাল তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ । এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল সোমবার বিকেলে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা পরিদর্শন করেছেন সেনা ও স্বাস্থ্য কর্মকর্তারা। লেফটেন্যান্ট কর্নেল বদরুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ সদস্যের প্রতিনিধিদল ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. ইউনুস আলীর নেতৃত্বে তিনজন কর্মকর্তা পরিদর্শন করেন।

করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ মোকাবিলায় গত রবিবার প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে বসন্ধুরা গ্রুপ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রো-ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি তুলে ধরেন। এতে বসুন্ধরার চারটি কনভেনশন সিটি ও একটি ট্রেড সেন্টারকে হাসপাতালে রূপান্তরের কথা বলা হয়।

বসুন্ধরার প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সিটি ও একটি ট্রেড সেন্টারে পাঁচ হাজার শয্যার হাসপাতাল করা হবে। কনভেনশন সিটিগুলোর মধ্যে সবচেয়ে বড়টি ৩০ হাজার বর্গফুটের। বাকি তিনটি ২০ হাজার বর্গফুটের। আর ট্রেড সেন্টারের আয়তন এক লাখ ৫০ হাজার বর্গফুটের। বসুন্ধরা কনভেনশন সিটিগুলো বিভিন্ন অবকাঠামো সমৃদ্ধ। রাজধানীর মধ্যবর্তী কুড়িল এলাকায় অত্যন্ত পরিচ্ছন্ন ও হাসপাতালে রূপান্তরের অবস্থায় রয়েছে। এখনই উদ্যোগ নেওয়া হলে আগামী এক সপ্তাহের মধ্যে এগুলোকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে চালু করা সম্ভব হবে।