ক্রিকেটীয় বুদ্ধিতে ধোনি-কোহলির চেয়ে রোহিত এগিয়ে: জাফর

মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ‘ক্যাপ্টেন কুল’। প্রবল চাপের মধ্যে ঠান্ডা মাথায় কতো ম্যাচ জিতেছেন নিজের নেতৃত্বগুণে। বিরাট কোহলিও অধিনায়ক হিসেবে দারুণ সফল ও ধারাবাহিক। তবে এই ‍দুজন নন, ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের চোখে ক্রিকেটীয় বুদ্ধিতে রোহিত সবচেয়ে এগিয়ে।

ক্রিকেটীয় বুদ্ধিতে এখনকার ক্রিকেটারদের মধ্যে কে এগিয়ে? ওয়াসিম জাফরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন এক ভক্ত। সেই ভক্তের প্রশ্নের জবাবে রোহিত শর্মার নাম বলে দেন জাফর।

টুইটারে এককথায় নিজের মতামত ব্যক্ত করলেও পরে হিন্দুস্তান টাইমসকে জাফর তার এমন ভাবনার কারণ জানান। পেশাদার ক্রিকেটকে সদ্য বিদায় জানানো জাফর বলেন, ‘রোহিতের সব থেকে বড় গুন হলো টিকে থাকা এবং ইনিংসের শুরুর দিকের সময়টা কাটিয়ে দেওয়া। একবার প্রাথমিক জড়তা কাটিয়ে উঠলে ও কতটা ভয়ংকর রূপ ধরতে পারে, সেটা আজকের দিনে আমরা সবাই দেখেছি।’

আইপিএলে অধিনায়ক হিসেবে দারুণ সফল রোহিত। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। এরপর মুম্বাই চার বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়।

শুধু আইপিএল নয়, জাতীয় দলেও অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য চোখে পড়ার মতোই। বিরাট কোহলি বিশ্রাম নেওয়ায় ১০ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। এই ১০টি ম্যাচের মধ্যে আটটিতেই জেতে ভারত।