সীতাকুণ্ডে হাসপাতালের আইসোলেশনে নারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা আরফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ গ্রামের আবুল হোসেনের স্ত্রী। মঙ্গলবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে আরফা বেগম করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি বিআইটিআইডি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক আবুল হাসান চৌধুরী দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন আরফা বেগম। এর আগে তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা সন্দেহে তাকে বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

আরফা বেগম হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিক আক্রান্ত ছিলেন বলে জানান ডাক্তার হাসান চৌধুরী। তিনি বলেন, আমরা তার নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।