সর্দি, কাশি, বমি ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যেই শওকত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকরা বলছেন, মিনি স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
শওকত নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের ওমর আলীর ছেলে। তিনি রূপগঞ্জ বাজারে সুপারীর ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শওকত ৩/৪ দিন আগে অসুস্থ হন। তার শরীরে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ ছিল।
একটি প্রাইভেট চেম্বারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছিলেন শওকত। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ওয়ার্ডে নেয়ার সময় তিনি মারা যান।
জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, ‘ শওকত নামের ওই রোগীটি শ্বাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে পাঠানোর পর তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, ‘১৫ মিনিটে কোনো করোনায় আক্রান্ত রোগী মারা যেতে পারে না। তিনি মিনি স্ট্রোকে মারা গেছেন।’
এদিকে শওকতের মৃত্যুর ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেশিপেশার মানুষ।