ভিডিও চ্যাট ও কনফারেন্সে কীভাবে ভালো শব্দ পাবেন

সোশ্যাল মিডিয়ার এই যুগে ভিডিও চ্যাট এখন বেশ কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া তথ্য প্রযুক্তির উৎকর্ষের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা হচ্ছে নানা ধরনের দাপ্তরিক কাজও। আর এখন তো করোনাভাইরাসের কারণে অফিসে বসেই কাজ করতে হচ্ছে অনেক মানুষকে। ফলে নানা ধরনের যোগাযোগ রাখতে এখন ভিডিও চ্যাটের বিকল্প নেই।  

কিন্তু ভিডিও চ্যাট করতে গিয়ে শব্দ সমস্যায় পড়েন অনেকে। ভালো মতো শোনা যায় না। এতে কাজের ব্যাঘাত ঘটে। এমন পরিস্থিতিতে টেক ওয়েবসাইট পপসাই কিছু পরামর্শ দেয়।

আলাদা মাইক্রোফোন ব্যবহার

সাম্প্রতিক বছরগুলোতে ল্যাপটপ মাইক্রোফোন বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষে করে ম্যাকবুক প্রো দারুণ কাজ দিচ্ছে। তবে অনেক সময় সাশ্রয়ী মাইক্রোফোনের ওপর আস্থা রাখতে গিয়ে কাজের গতি নষ্ট হয়।  এ ক্ষেত্রে উন্নতমানের আলাদা মাইক্রোফোন কিনতে পারেন। সেটি লাইভ স্ট্রিমিং বা পডকাস্ট রেকর্ডিং দুই ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। এর জন্য কিনতে পারেন ব্লু স্নোবল আইচ মাইক্রোফোন। এর মাধ্যমে ভিডিও কল এবং রেকর্ডিং সবকিছুই দারুণভাবে সারতে পারবেন। এটি কিনতে খরচ পড়বে ৫০ ডলারের মতো। এর চেয়ে বেশি অর্থ খরচ চাইলে নিতে পারেন রড এনটি-ইউএসবি, যেটির দাম ১৭৯ ডলার পর্যন্ত। এটির মাধ্যমে আইপ্যাডেও কাজ করতে পারবেন।  

হেডফোন ব্যবহার 

স্পিকারের শব্দ মাইক্রোফোনের কাজকে বাধা দেয়। এতে ইকো সৃষ্টি হয়। এ ক্ষেত্রে আপনি হেডফোন ব্যবহার করুন। এ ছাড়া হেডফোনের কারণে শুনতেও সুবিধা হবে, সহজে উত্তরও দেয়া যায়।

কম্পিউটার/ফোনে মাইক্রোফোন কাজ করছে কী না?

কম্পিউটার বা ফোনে মাইক্রোফোন ঠিকঠাক কাজ করছে কী না, সেদিকে খেয়াল রাখতে হবে। ম্যাকের ক্ষেত্রে মেন্যুবারে গিয়ে ভলিউম কন্ট্রোলে ক্লিক করতে হবে। এরপর সাউন্ড অপশন সিলেক্ট করতে হবে। এখন ইনপুটে ট্যাব করুন, লিস্ট থেকে এক্সটার্নাল হেডফোন সিলেক্ট করে নিন। এরপর ইনপুট লেভেলে গিয়ে আপনার কম্পিউটার সাউন্ড ঠিক করে নিন।   পিসির ক্ষেত্রে টাস্কবারে ভলিউম আইকনে রাইট ক্লিক করুন। এরপর সাউন্ড সিলেক্ট করে নিন। রেকর্ডিং ট্যাব খুঁজে নিন এবং লিস্ট থেকে এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে নিন।

দূরত্ব বজায় রাখা

অডিও রেকর্ড করার সময় খুব কাছে বা খুব দূরে আপনার অবস্থান পুরো কাজটিকে ব্যর্থ করে দিতে পারে। খুব দূরে বসে থাকা আপনার সামগ্রিক ভলিউমকে প্রভাবিত করতে পারে। এতে আশপাশের বস্তু বা দেয়াল আপনার শব্দকে বাধা দেয়, ফলে ইকো সৃষ্টি করে। আবার খুব কাছে থাকলে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজসহ ঠোঁট নড়াচড়ার শব্দ রেকর্ডিংকে ব্যাঘাত করতে পারে।  বিল্ট-ইন মাইক্রোফোনসহ হেডসেট ব্যবহার করলে সেটিকে অন্তত এক ইঞ্চি দূরে রাখতে হবে আপনার মুখ থেকে।

শান্ত পরিবেশ থাকা

যেখানে বসে বা দাঁড়িয়ে রেকর্ডিং করবেন সেটি অপেক্ষাকৃত শান্ত হতে হবে। ভালো শব্দ পাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে বাতাস। বাতাস রুখতে দরজা জানালা বন্ধ করে দিতে পারেন। বেশি শব্দ বা বাতাসের কারণে বন্ধ করে দিতে পারেন ফ্যান। এসির বাতাসও চাইলে কমিয়ে দিতে পারেন। আশপাশে হইচই বা গোলযোগ থাকলে সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের বিষয়টি নিশ্চিত করতে হবে। শক্তিশালী নেটওয়ার্ক এই ক্ষেত্রে খুবই জরুরি। ওয়াইফাই সংযোগ ভালোভাবে দেখে নিতে হবে। কারণ মাঝপথে গোলযোগ দেখা দিলে পুরো কাজটিই ব্যর্থ হয়ে যেতে পারে।