রোহিঙ্গা ও কক্সবাজারের জনগণের উন্নয়ন

৩ হাজার কোটি টাকার অনুদান বিশ্বব্যাংকের

কক্সবাজারের স্থানীয় জনগণ এবং রোহিঙ্গাদের জন্য ৩৫ কোটি ডলার মার্কিন ডলার সমপরিমাণ অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯৭৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। ওয়াশিংটনভিত্তিক এ সংস্থাটির বোর্ড গত মঙ্গলবার এ অনুদান অনুমোদন করেছে। গতকাল বুধবার বিশ^ব্যাংকের ঢাকা অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তিন প্রকল্পের আওতায় এ অর্থ খরচ করা হবে। এর মধ্যে এ অনুদান দিয়ে ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়া, সামাজিক সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং অবকাঠামোগত উন্নয়নে কক্সবাজার জেলায় ব্যবহার করা হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, এ অনুদান দেশের পরিষেবা সরবরাহের ক্ষমতা আরও জোরদার করবে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও স্থিতি বাড়িয়ে তুলবে।

অনুদানের অর্থে স্থানীয় লোকসহ প্রায় ৭ লাখ ৮০ হাজার ৮০০ মানুষকে উপকৃত হবে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা। ১ লাখ ৭১ হাজার ৮০০ জনের জন্য আরও ভালো স্যানিটেশন। এছাড়া জেলাটির দরিদ্র মোকাবিলায় আরেকটি প্রকল্পের আওতায় খরচ করা হবে ১০ কোটি ডলার। দারিদ্র্য নিরসন কর্মসংস্থান জেনারেশন প্রোগ্রাম ব্যবহার করে হোস্ট সম্প্রদায়ের দরিদ্র ও দুর্বল পরিবারগুলোকে জীবিকা এবং আয়ের সহায়তা দেওয়া হবে।