ভারতে ১০ ব্যাংকের একীভূত কার্যক্রম শুরু

ভারতে গতকাল বুধবার থেকেই কার্যকর হচ্ছে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া। তৈরি হচ্ছে চারটি বড় আকারের ব্যাংক। গত বছর আগস্টে এ সিদ্ধান্ত ঘোষণা করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এর আওতায় ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া (ইউবিআই) ও এলাহাবাদ ব্যাংকের পৃথক অস্তিত্ব থাকছে না। ইউবিআই একীভূত হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) সঙ্গে। ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে এলাহাবাদ ব্যাংক। ইউবিআইয়ের পাশাপাশি ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্সও (ওবিসি) একীভূত হবে পিএনবির সঙ্গে। ফলে ওই দুই ব্যাংকের গ্রাহকরা এখন থেকে পিএনবির গ্রাহক হিসেবে পরিষেবা পাবেন। একই ভাবে এলাহাবাদ ব্যাংকের গ্রাহকরা পরিষেবা পাবেন ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহক হিসেবে। এছাড়াও কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক একীভূত হয়ে দুই ব্যাংকই কানাড়া ব্যাংক নামে পরিচিত হবে। আর অন্ধ্র ব্যাংক ও করপোরেশন ব্যাংক একীভূত হয়ে মিশছে ইউনিয়ন ব্যাংকের সঙ্গে। ওই তিনটি ব্যাংকই কাজ করবে ইউনিয়ন ব্যাংক হিসেবে।

একীভূত হওয়ার কারণে গ্রাহক পরিষেবায় সমস্যা হবে না বলে দাবি করেছেন ইন্ডিয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) পদ্মজা চুন্দুরুর। তিনি বলেন, ‘গ্রাহকরা সব পরিষেবাই পাবেন। অ্যাকাউন্ট নম্বর, চেকবই, পাসবই এক থাকবে। একীভূত হওয়া ব্যাংকগুলোর ঋণ ও জমা প্রকল্পগুলোর মধ্যে সমন্বয়ও করা হয়েছে।’ ব্যাংকের শাখা একীভূত হলে যাতে গ্রাহকদের অসুবিধা না হয়, তা মাথায় রাখা হবে বলে জানান তিনি। একই দাবি পিএনবি, ইউবিআই এবং ওবিসির কর্তাদের। তারা বলেছেন, তিনটি ব্যাংকে ঋণ ও জমায় একটি নিয়মই চালু থাকবে। তবে ইউবিআই সূত্রের খবর, আপাতত ঋণ, আমানত, আরটিজিএস বা নেফেটর মাধ্যমে টাকা পাঠানোসহ ১৪টি পরিষেবার ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় হয়েছে। অন্যগুলোর ক্ষেত্রেও হবে।

বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা জানান, একীভূত হওয়া ব্যাংকগুলো নিজেদের গ্রাহকদের জন্য একটিই সুদ চালু রাখবে। পুরনো গ্রাহকদের ক্ষেত্রে ঋণ নেওয়ার সময় যে সুদে চুক্তি হয়েছে তাই বজায় থাকবে, দাবি ইন্ডিয়ান ব্যাংকের।